পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ, ওসি ও শ্রমিকসহ আহত ৫৫

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে সিনহা ওপেক্স গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে শ্রমিকরা। গতকাল বুধবার কাঁচপুর এলাকায় বিকাল থেকে চলা অবরোধ সরাতে গেলে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ ঘটনা। এ ঘটনায় সজিব নামে এক পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে সোনারগাঁও থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য ও প্রায় ৫০ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

এর আগে সকালে তাদেরকে বকেয়া বেতন দেওয়ার কথা বলেছিল মালিকপক্ষ। পরে বিকাল পর্যন্ত অপেক্ষার পর কোম্পানি কর্তৃপক্ষ আগামী মাসে বেতন দেওয়ার কথা বলে নোটিশ ঝুলিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

শ্রমিকরা জানায়, দীর্ঘ সময় ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বুধবার তিন মাসের বেতন দেওয়ার কথা ছিল। সকাল থেকে তারা বকেয়া বেতনের জন্য অপেক্ষা করছিল। বিকাল পর্যন্ত মালিকপক্ষের কোনো সাড়া না পেয়ে শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এদিকে শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ সরিয়ে দিতে সোনারগাঁও থানা পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা অবস্থান নেন। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পুলিশ। অবরোধ তুলে নিতে বারবার শ্রমিকদের অনুরোধ করে ব্যর্থ হয় পুলিশ।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শ্রমিক নেতারা শ্রমিকদের উসকানি দিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করিয়েছে। আমিসহ পাঁচ পুুলিশ সদস্য আহত হয়েছি। কয়েকজন শ্রমিকও আহত হয়েছে। আমরা বলেছি মালিকদের সঙ্গে কথা বলে একটা সমঝোতার চেষ্টা করছি কিন্তু শ্রমিকরা আমাদের কথা না মেনে উলটো অবরোধ করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের ওপর হামলা করে। পরে তাদেরকে সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়তে হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।