স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ দাবি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৯

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এই দাবি জানানো হয়।

সাত দফা দাবির মধ্যে—মুজিববর্ষে মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা ও ভবন নির্মাণ অন্যতম।

বক্তারা বলেন, সরকারি প্রাথমিকের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইবতেদায়ির শিক্ষকরা পাঠদান করান। ১৯৯৪ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মতোই স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদেরও ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। ধাপে ধাপে বেতন বৃদ্ধির পর ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। অথচ মাত্র এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে প্রধান শিক্ষক ২৫০০ এবং সহকারী শিক্ষকদের ২৩০০ টাকা ভাতা দেওয়া হয়। যা এই দ্রব্যমূল্যের বাজারে অমানবিক।

সমিতির সভাপতি আলহাজ হাফেজ কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব কাজী মোখলেছুর রহমানের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন খন্দকার গোলাম মাওলা নকশাবন্দি।