সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বহাল রয়েছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। তিনি রবিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত মৈত্রী শিল্পের উত্পাদন কার্যক্রম পরিদর্শন ও মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের ব্যাপারে খুবই সহানুভূতিশীল। তিনি তাদের উন্নয়নে আরো নানামুখী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রী দুপুরে টঙ্গীর শিল্প ভবনে পৌঁছলে নির্বাহী পরিচালক মো: সেলিম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান তাকে স্বাগত জানান। পরে তিনি প্রতিবন্ধীদের বিভিন্ন কার্যক্রম বিষয়ক আলোচনা সভায় অংশ নেন। পরে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, গাজীপুর সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আনোয়ারুল করিমসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে ৫৩ ঘর পুড়ে ছাই
গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বাড়ির ৫৩টি ঘর পুড়ে গেছে। রবিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন কাশিমপুর (ডিবিএল) ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা।
কাশিমপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোঃ মিরাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর জরুন এলাকার মোঃ আলমগীর হোসেনের টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের মোঃ সেলিম হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাসের সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
