গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বন্দি না মুক্ত? মুক্ত হলে হুইলচেয়ারে করে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
বিএনপির উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়া যদি মুক্ত হয়ে থাকেন তাহলে দেশবাসীর প্রত্যাশা কী ছিল? জিয়ার কবর জিয়ারত করার জন্য তিনি অন্তত হুইলচেয়ারে করে চন্দ্রিমা উদ্যানে যাবেন। উনি কি যেতে পেরেছেন? আরো সুন্দর হতো যদি ওনার হুইলচেয়ার জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে) ঠেলে নিয়ে যেত। সেটা যদি হতো তাহলে আজ এখানে ঝড় বইত। আর যদি বেগম জিয়া বন্দি থাকেন তাহলে তাকে মুক্তির ব্যবস্থা করুন।
বিএনপি নেতাদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, মিনমিন করা বাদ দিন, মাঠে নামুন। একটা নির্বাচিত জনগণের সরকার প্রয়োজন। যেখানে জনগণের অধিকার থাকবে। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব।
আলেমদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দ্বায়িত্ব অনেক। অন্যরা দোষ করলে দোষ কম হয়, আপনারা করলে সেটা বেশি হয়। মেয়েদের আটকে রাখবেন না। যে নামাজ পড়ে না তার বিচার করার দায়িত্ব আপনাদের না, বিচার করবেন আল্লাহ।
এনডিপির একাংশের চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, গণস্বাস্থ্যের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
