পুরোনো নাটকেই যেন নতুনের আনন্দ। দীর্ঘ লকডাউনের পর মঞ্চায়ন হলো এম্পটি স্পেস থিয়েটার প্রযোজিত নাটক ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। দীর্ঘ আট মাস ২১ দিন পর গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এম্পটি স্পেস থিয়েটার প্রযোজিত নাটকটির মঞ্চায়ন হয়। এটি ছিল দলের প্রথম প্রযোজনার সপ্তম মঞ্চায়ন।
উইলিয়াম শেকসিপয়ারের ‘দ্য ট্র্যাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি লিখেছেন সাইমন জাকারিয়া। আর নির্দেশনায় ছিলেন নূর জামান রাজা।
নাটকটির কেন্দ্রীয় চরিত্র একজন কবি, যিনি পূর্ণিমা রাতে কবরস্থানে এসে ফুলের গন্ধে মাতাল হন আর নিষ্ঠা প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই স্থানে এসে হাজির হয় রোমিও আর জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা, আর এই ঘটনাচক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার এবং সবশেষে শেকসিপয়ার।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—গোলাম শাহরিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নুরজামান রাজা, লোবা আহম্মেদ, নাসিমুল হোসাইন বাধন, বাপ্পি সরদার, শুভ্র আহম্মেদ, আরিফুল ইসলাম প্রমুখ।
