তিন প্রকৌশলী ও তাদের স্ত্রীদের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:২২

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন-২ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন প্রকৌশলী এবং তাদের স্ত্রীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তিন প্রকৌশলী হলেন—বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলাম, সিভিল এভিয়েশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ভুঁইয়া, তার দুই স্ত্রী মরিয়ম নেছা ও মারুফা আক্তার এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার ও তার স্ত্রী কামরুন নাহার। গতকাল বুধবার কমিশন থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। তাদের নোটিশপ্রাপ্তির ২১ দিনের মধ্যে দুদকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রকৌশলী মাকসুদুল ইসলামের কাছে পাঠানো নোটিশে মাকসুদুলের নিজের, স্ত্রীর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উত্স ও তা অর্জনের বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হয়েছে। সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত অপর একটি নোটিশে সিভিল এভিয়েশন-২-এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ভুঁইয়া ও তার দুই স্ত্রী মরিয়ম নেছা এবং মারুফা আক্তারের  সম্পদ বিবরণী ও তাদের ওপর নির্ভরশীলদের যাবতীয় সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।

এদিকে দুদকের পরিচালক এস এম মাসুদুল হক স্বাক্ষরিত পৃথক একটি নোটিশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার ও তার স্ত্রীর কাছে পাঠানো হয়েছে। ঐ নোটিশে, প্রকৌশলী মজিবুর রহমান সিকদার ও তার স্ত্রীর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উত্স ও তা অর্জনের বিস্তারিত বিবরণী উক্ত নোটিশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।