সংক্রামক ব্যাধি হাসপাতালে ওষুধ বিতরণে অনিয়ম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫১

ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে সরকারি ওষুধ বিতরণে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল রবিবার দুদকের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে কমিশন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বিত টিম ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল ও আশেপাশের ফার্মেসিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পায়। অভিযানকালে সরকারি ওষুধ জব্দ করা হয় এবং ড্রাগ লাইসেন্সবিহীন একটি ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, ২০১৭-১৮ অর্থবছরে ৯০ লাখ টাকার ভ্যাকসিন ও আইজি (ইমিউনো গ্লোবিউলিন) সরবরাহ করা হয়েছে। কিন্তু রোগীদের প্রদানকৃত ভ্যাকসিনের সঙ্গে রেজিস্টার বইয়ের ব্যাপক গরমিল পাওয়া যায়? একই সঙ্গে এসব ওষুধ বিক্রি করে হাসপাতালের কতিপয় কর্মকর্তা-কর্মচারী অবৈধ সমপদ অর্জন করারও তথ্য পায়। পুরো তথ্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত থাকবে। দুদক এনফোর্সমেন্ট অভিযানের প্রধান মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরকারি ওষুধ বিক্রি করে অবৈধ অর্থের ভাগবণ্টন কিভাবে হয়, দুদক তা অনুসন্ধান করে বের করবে।