এবার খালেদা জিয়াকে মুক্তি দিন :রিজভী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫২

দীর্ঘ এক বছর ধরে কারাবন্দি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টেনে-হিঁচড়ে জবরদস্তি করে আদালতে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, এবার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন।

গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়ার বয়স ৭৩ বছর। একা চলতে পারেন না। আদালতে বা হাসপাতালে আনতে গেলে হুইল চেয়ারই ভরসা। তারপরও টেনে-হিঁচড়ে জবরদস্তি করে আনা হচ্ছে শেখ ক্যাঙ্গারু কোর্টে।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।