হোয়াইট হাউসের নিন্দায় শীর্ষ রিপাবলিকান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫২

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের তদন্ত নিয়ে হালনাগাদ তথ্য দিতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের কড়া নিন্দা জানিয়েছেন এক শীর্ষ রিপাবলিকান। শুক্রবারের মধ্যে তথ্য জানাতে সিনেটররা আল্টিমেটাম দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেটি প্রত্যাখান করেছিলেন। খবর আল-জাজিরা’র

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষ রিপাবলিকান মাইকেল ম্যাককল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে তিনি একটি চিঠি পেয়েছেন যা তাকে বিব্রত করেছে। তিনি হোয়াইট হাউসের ভূমিকার সমালোচনা করে বলেছেন, এই ধরনের নিষ্ঠুর হত্যাকান্ডের সঙ্গে যুক্তদের অবশ্যই চিন্নিত করা এবং তাদের শাস্তি হওয়া উচিত। তিনি হোয়াইট হাউসের উদ্দেশ্য বলেন, এই হত্যাকান্ডের বিষয়ে আইনের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য কংগ্রেসকে সরবরাহ করা উচিত। কংগ্রেস জানতে চায়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগি হত্যায় জড়িত কিনা। শুক্রবারের মধ্যে সেই তথ্য জানানোর কথা বললেও হোয়াইট হাউস সেটি গ্রাহ্য করেনি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও হালনাগাদ তথ্য কংগ্রেসকে দিয়েছে। গত বছরের ২ অক্টোবর খাশোগিকে তুরস্কে সৌদি আরবের কনস্যুলেটে হত্যা করা হয়। তার মৃতদেহ পাওয়া যায়নি। হত্যার দায়ে সৌদি আরবে ১৭ জনের বিচার চলছে। যদিও জাতিসংঘ বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।