রাজধানীর কামরাঙ্গীরচর থানার বুড়িগঙ্গার তীরে চলমান উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের সঙ্গে অনেক বৈধ ভূমি মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদে যে অভিযান চালাচ্ছে তাতে তাদের শতভাগ সমর্থন আছে। কিন্তু এই অভিযানের সঙ্গে কিছু বৈধ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি করেন কামরাঙ্গীরচরের ক্ষতিগ্রস্ত বৈধ ভূমি মালিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, কামরাঙ্গীরচর থানাধীন নবাবচর মৌজায় বুড়িগঙ্গা নদীর তীরভূমি সংলগ্ন সিএস, এসএ, আরএস এবং সিটি জরিপে যথাযথ রেকর্ডভুক্ত বৈধ মালিকানাধীন জমিতে গত ২৯ জানুয়ারি হতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি বৈধ জমি ও যাবতীয় বৈধ স্থাপনা বিনা নোটিসে আকস্মিকভাবে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়।
ক্ষতিগ্রস্তদের দাবি, মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশিত টাস্কফোর্সের ৩১ এবং ৩২তম সভার সিদ্ধান্তকে উপেক্ষা করে অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। যাতে অনেক বৈধ ভূমি মালিক ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
