আসবে তো ফিরে সন্ধ্যায়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫



আকাশনীলা শাড়ি, খোঁপায় তাজা ফুল
চোখে একরাশ ভালোবাসার আবেগ নিয়ে,
সোনালি রোদে, গোধূলি বেলায় অপেক্ষা,
ফিরে আসবে তো সন্ধ্যায়, আগের মতো।
করিডোরে ঝুলন্ত ফুলঝুরি

ছোট্ট গোল বেতের টেবিল, দুটো চেয়ার মুখোমুখি
চায়ের কাপে ধোঁয়া, দুজনায় হারিয়ে নিজেকে পাওয়া।
প্রতিদিন একই নিয়ম একই রুটিন,
কখনো আকাশের মন খারাপ, কান্না ঝরে
বৃষ্টির মুক্তোদানা ছুঁয়ে দেই দু হাতে
সারা অঙ্গ ভিজিয়ে করি বৃষ্টিস্নান।
কেয়া কদমের ঘ্রাণ বাতাসে ছড়ায়
শুভ্র কামিনী, টগর ভেজা পাপড়ি নেড়ে
জানায় অভিবাদন নতজানু হয়ে,
অবাক চোখ আটকে থাকে অনিন্দ্য রূপ মোহে।
ভালোবাসা রোদেলা দুপুর হয়ে খেলা করে
খোলা জানালায় আলোছায়ার লুকোচুরি,
ভেসে আসে নাম না জানা পাখির গান।
উদাসী মন ভাবে, আসবে তো সন্ধ্যায়?
জোনাকির আলো, পাখিদের ঘরে ফেরা
রাতের হাতছানি, নীল জোছনার সৌন্দর্য!
পাশাপাশি বারান্দায় বসে দেখবো রাতের মাধুর্য।
পথ চেয়ে আজো আছি, অপেক্ষার শেষ হয়নি
ভালোবাসার আবেগ ঝরে পড়ে গোলাপের মতো
একটা কাপের চা ধোঁয়া ছেড়ে ক্লান্তিতে শীতল,
সন্ধ্যা, রাত, জোনাকি, জোছনা, বৃষ্টি সবাই নিশ্চুপ।
যায় আর আসে, আমিও বসি সেই টেবিলে
নিয়মিত দু কাপ চা, পাখিরাও ঘরে ফেরে
বৃষ্টিও ঝরে অঝোরে।
ভালোবাসা খুঁজে বেড়ায় বুকের সুপ্ত বাসনা
উত্তরহীন প্রশ্নগুলো নীরবে ফিরে আসে
ভালোবাসার ভারে আধমরা ইচ্ছেগুলো।
কান্না চোখে ঝরে বৃষ্টির মতো
বাসনাগুলো হয় তপ্ত দুপুর।
জোছনায় মায়া নেই, জোনাকির আলো নেই
পাখির গান আছে, সুর আছে, শুধু বিরহের সুর।
অপেক্ষার সময় অন্ধকারে হারিয়ে যায়,
বড় কষ্ট সেই হারানো, ভালোবাসাহীন প্রহর
আবেগহীন বেঁচে থাকা, ছন্দহীন এগিয়ে চলা।
তবুও তো বেঁচে আছি, নিশ্চল নিশ্চুপ একেলা,
আসবে তো ফিরে কোনোদিন, নীরব সন্ধ্যাবেলা।