ভালুকায় নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

ভালুকায় সহকর্মীর হাতে মাসুদ মিয়া (৩৫) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার পাড়াগাঁও গ্রামের রানার অটো মোটরস্ ফ্যাক্টরিতে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অন্য নৈশ্যপ্রহরী শিশির সাংমাকে আটক করেছে। নিহত মাসুদ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মৃত সাদেক আব্বাস মীরের ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, রানার অটো মোটরস লিমিটেডের ভিতরে নৈশপ্রহরী মাসুদ নাইট ডিউটি করছিলেন। রাত পৌনে ১২টার সময় অন্য নৈশপ্রহরী শিশির সাংমা তার চোখে টর্চ লাইট ধরে। এতে দুই জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে শিশির সাংমা হাতের লাঠি দিয়ে মাসুদকে পিটিয়ে পাশের পানির গর্তে ফেলে দেয়। খোঁজ পেয়ে সহকর্মীরা মাসুদকে গর্ত থেকে তুলে ক্যান্টিনে নিয়ে গেলে তিনি মারা যান। পরে শিল্প পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করে। শিশির সাংমাকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়।