রংপুরের নর্দান মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা আবারও আন্দোলনে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

মাইগ্রেশনের দাবিতে আবারও ফুঁসে উঠেছে রংপুরের নর্দান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। সরকারি আদেশ আসলেও তা বাস্তবায়ন করতে গড়িমসি করছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে তারা। কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসিব, রিতু জয়সহ অনেকেই জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষকে মাইগ্রেশনের আদেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু তা বাস্তবায়ন না করে তালবাহানা শুরু করে অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটি। এতে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে ২০ বিদেশিসহ ২৩৯ জন শিক্ষার্থীর জীবন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তারা সরকারকে।

কলেজ পরিচালনা কমিটির পরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, তারা মাইগ্রেশন দিতে প্রস্তুত আছেন। সরকারি আদেশমূলে সব শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন, পাওনা পরিশোধ করে ছারপত্র নিতে। কিন্তু এতে তাদের অনীহা দেখা দেয়। কলেজের দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের ৬১ জন শিক্ষার্থী মাইগ্রেশন বাতিল চেয়ে অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেন।