কচুয়া উপজেলা চেয়ারম্যানের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সাময়িক বহিষ্কারাদেশ অবৈধ ও বাতিল মর্মে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার শাহজাহান শিশিরের পক্ষে রিট আবেদন করলে হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান ও কামরুল ইসলাম হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেয়। শাহজাহান শিশিরের আইনজীবী এম কে রহমান এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে ৬ তলাবিশিষ্ট ভবন নির্মাণের অনিয়মের সূত্র ধরে চাঁদপুর শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী নুরে আলম গত বছরের ১৯ জুলাই শারীরিকভাবে লাঞ্ছিত হয়। এ ঘটনায় সহকারী প্রকৌশলী নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় শাহজাহান শিশিরসহ দুই জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তী সময় ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে শাহজাহান শিশিরকে সাময়িক বহিষ্কার করা হয়।