৪৯৩টি উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপন হবে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

দেশের ৪৯৩টি উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে এই স্মারক স্বাক্ষর হয়েছে। বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশের সিএমএসএমই খাতের উন্নয়নে এবং দেশব্যাপী সিএমএসএমই উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য সরাসরি ও ডিজিটাল মাধ্যমে বিক্রয় ও বাজারজাতকরণের লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন এই কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোগ সম্প্রসারণ উইং) মো. আতিকুল ইসলাম এবং চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি। বিসিক-এর সচিব মো. মফিদুল ইসলাম এবং ঐক্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অপু মাহফুজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশীয় পণ্যসামগ্রী সরাসরি ও ডিজিটাল মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় উপস্থাপন এবং বিক্রয়ের মাধ্যমে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতি আরো মজবুত হবে বলে আমি মনে করি। পাশাপাশি তাদের দেখাদেখি দেশে আরো অনেক নতুন উদ্যোক্তাও তৈরি হবে বলেও আমি আশাবাদী।