প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এখন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট চলছে। এটি শেষ হলেই আরো দুটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। একটি এ মাসেই এবং অন্যটি অক্টোবরে। অনুষ্ঠানরত টুর্নামেন্ট শেষ হবে ২৭ সেপ্টেম্বর। এক দিন বিরতি দিয়ে ২৯ সেপ্টেম্বর আরো একটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম। তিনি বলেন, ১০ জন গ্র্যান্ডমাস্টার খেলবেন এখানে। পাঁচ জন দেশের বাকি পাঁচ জন বিদেশি। তিনি বলেন, ‘এটি হবে ক্লোজ টুর্নামেন্ট। ১০ গ্র্যান্ডমাস্টারের সঙ্গে পাশাপাশি একই ফ্লোরে ১০ জন আন্তর্জাতিক মাস্টার নিয়েও টুর্নামেন্ট করব আমরা। সেখানেও পাঁচ জন করে ১০ জন আন্তর্জাতিক মাস্টার থাকবেন। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য আমাদের একাধিক দাবাড়ু অপেক্ষা করছে। নর্ম লাগবে। যদি এই টুর্নামেন্ট থেকে নর্ম করা যায় তাহলে অসুবিধা কী। শেখ নাসিরের দুটি নর্ম আছে। পরাগের আছে একটি। সুমনের একটি আছে। আর তাছাড়াও যেসব গ্র্যান্ডমাস্টার ঢাকায় এসেছেন তাদের আমরা বিমান ভাড়া দিয়ে এনেছি। আমরা আমাদের খেলার স্বার্থটাকেও বড় দেখতে চাই।’ অক্টোবরে আবার গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হবে। শামীম জানিয়েছেন ১৭-২৫ অক্টোবর আবার গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেখানে অর্ধশত বিদেশি দাবাড়ু আসবেন আর দেশি দাবাড়ু খেলবেন ৩০ জন।’ তিনি বলেন, ‘এটি হবে গ্র্যান্ড জিএম টুর্নামেন্ট।’ এসব কথার শেষে দীর্ঘশ্বাস ছাড়লেন ফেডারেশন সাধারণ সম্পাদক শামীম। তিনি বলেন, ‘এসব টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বছরে ৮-১০ লাখ টাকা হল ভাড়া দিতে হচ্ছে। নিজেদের হলের ব্যবস্থা থাকলে এই টাকাটা দাবার উন্নয়ন প্রকল্পে ব্যয় করা যেত।’
