আফগানিস্তানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল চায় চীন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

আফগানিস্তানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবসানে জোরালো তাগিদ দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার জি২০ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন একক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের যত শিগিগরই সম্ভব অবসান ঘটাতে হবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশটির সম্পদ আর সেগুলো দেশটির জনগণের জন্য ব্যবহার হতে দেওয়া উচিত। এগুলো কোনোভাবেই আফগানিস্তানের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হতে দেওয়া উচিত হবে না। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও বলা হয়েছে, আফগানিস্তানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবসান অবশ্যই ঘটাতে হবে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করে ওয়াশিংটন। এছাড়া আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও দেশটির অর্থ আটকে রেখেছে।