বিপুল ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেফতার ৩

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০৬

মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার  করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ। গ্রেফতার                  মাদক ব্যবসায়ীরা হলো মো. কামাল, মোসাম্মত্ রহিমা কামাল ও মো. রাজিব। গতকাল বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে উত্তর মান্ডা এলাকা থেকে ইয়াবাসহ তাদের                 গ্রেফতার করা হয়।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদ জানান, কয়েক জন মাদক ব্যবসায়ী উত্তর মান্ডা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেবের নেতৃত্বাধীন একটি দল। পুলিশের ঐ টিম উত্তর মান্ডা এলাকায় অভিযান চালিয়ে  কামাল, রহিমা ও রাজিবকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহূত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।