চট্টগ্রামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে দফায় দফায় ২৮ লাখ ৩৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া কথিত জিনের বাদশা মো. আব্দুল মান্নানকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই জন হলেন—মো. জোবাইর হোসেন রিজভী ও আবু তৈয়ব। মো. আবুল হাসান সহিদ নামে এক সৌদি আরব প্রবাসীর দায়ের করা প্রতারণা মামলার তদন্তে নেমে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, মো. আবুল হাসান সহিদ নামে এক সৌদি আরব প্রবাসী ২০১৮ সালের ডিসেম্বরে দেশে আসার পর ভিসা জটিলতায় আর কর্মস্থলে ফিরে যেতে পারেননি। আর্থিক অনটন শুরু হলে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি স্ত্রীর স্বর্ণালংকার বিক্রয় করার জন্য নগরীর হাজারী লেনে যান। সেখানে স্বর্ণের দোকানের এক কর্মচারীর মাধ্যমে কথিত জিনের বাদশা মো. আব্দুল মান্নানের সঙ্গে তার পরিচয় হয়। আব্দুল মান্নান নিজেকে একজন পির বলে পরিচয় দেন।
এরপর সহিদের কাছ থেকে দফায় দফায় ২৮ লাখ ৩৬ হাজার টাকা হাতিয়ে নেয় কথিত জিনের বাদশা মান্নান। পরে কোনো ফলাফল না পেয়ে নগরীর কোতোয়ালি থানায় মান্নান ও তার তিন সহযোগীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন সহিদ। গত বুধবার হাজারী গলি এলাকা থেকে ৪ নম্বর আসামি আবু তৈয়বকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের হোয়াইক্যং এলাকায় অভিযান পরিচালনা করে ১ নম্বর আসামি আব্দুল মান্নান ও ২ নম্বর আসামি জোবাইর হোসাইন রিজভীকে গ্রেফতার করা হয়। তাদের আরেক সহযোগী পলাতক।
