ইভ্যালির রাসেলকে জেলগেটে জিজ্ঞাসার নির্দেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭

ধানমন্ডি থানার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেলকে জেলগেটে জিজ্ঞাসা-বাদের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদনসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে   ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নাকচ করে আসামিকে তিন কার্যদিবসের মধ্যে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ধানমন্ডি থানার আরেক মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করে আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।