অর্থ আত্মসাতের মামলায় কেয়া কসমেটিকসের মালিক আব্দুল খালেক পাঠান এবং তার পরিবারের সদস্যদের অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুদক প্রতিষ্ঠানটির মালিক ছাড়াও অন্য যাদেরকে অব্যাহতি দিয়েছে তারা হলেন, খালেদা পারভীন, মাছুম পাঠান, তানসিন কেয়া, মো. আবুল হোসেন, গোলাম রসুল, মো. সারোয়ার হোসেন এবং জুবায়ের মঞ্জুর।
দুদক সূত্র জানায়, মেসার্স কেয়া ইয়ান মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পাঠানসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ২০১৭ সালে মামলা হয়। মামলায় কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করেন দুদক উপ-পরিচালক মো. সামছুল আলম। মামলাটির তদন্তকালে প্রতিষ্ঠানটি মামলায় উল্লেখিত সমুদয় অর্থ ব্যাংকে জমা দেন। এরই প্রেক্ষাপটে দুদক মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
