করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে সরকার প্রয়াস চালাচ্ছে :স্পিকার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কোভিডকালীন সময়েও অর্থনীতির চাকা সচল রাখতে সরকার প্রয়াস চালাচ্ছে। জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি গতকাল বৃহস্পতিবার নিজ সংসদীয় এলাকা রংপুরের পীরগঞ্জে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।  উপজেলার সব ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও মতবিনিময় করেন স্পিকার।

শিরীন শারমিন চৌধুরী বলেন, চাল ও অন্যান্য দ্রব্যাদি বিতরণের ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সঙ্গে ইউনিয়নের জনপ্রতিনিধিদেরও সচেতন থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগকালীন সময়টাকে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে মানুষের জীবন সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম।