যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের অনুরোধ শাহরিয়ার আলমের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৫

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিউ ইয়র্কে ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার কোভিড-১৯ মহামারিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্জিত সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির জন্য আমন্ত্রণ জানান।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান।