হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাবে আগামীকাল শনিবার থেকেই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ দ্রুততম সময়ে করার জন্য তিনি গত মঙ্গলবার নিজে এসে জায়গা ঠিক করে দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ অবকাঠামো নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যেই বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে শনিবারের মধ্যেই প্রবাসীরা এখান থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।
জাহিদ মালেক আরো বলেন, এই ল্যাবে র্যাপিড পিসিআর অ্যান্টিজেন এবং আরটি-পিসিআর—দুই ধরনের পরীক্ষারই অনুমোদন দেওয়া হয়েছে। এখানে মোট ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসবে। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মানুষ পরীক্ষা করাতে পারবেন।
বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
