দেশে বিরাজনীতিকরণ চলছে :জি এম কাদের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৬

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ চলছে। এভাবে চলতে থাকলে রাজনৈতিক দলগুলো একসময় নাম ও সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক শক্তিতে পরিণত হবে। নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থীরা টিকতে না পারলে রাজনৈতিক দলগুলো অস্তিত্বশূন্য হয়ে পড়বে। তিনি গতকাল বৃহস্পতিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কোনো পূর্ণাঙ্গ সমাধান নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘমেয়াদি কোনো সমাধান হতে পারে না। তাই ইসি গঠনে স্থায়ী সমাধানের জন্য সংবিধানের আলোকে আইন করতে হবে। সংবিধান অনুযায়ী দেশের সকল বিভাগ ইসির অধীনে থাকবে। আইন অনুযায়ী নিরপেক্ষ মানুষদের নিয়ে ইসি গঠন হলে ভোটাধিকার নিশ্চিত হবে।

  সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাপার কো-চেয়ারম্যান লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি জয়নাল আবেদীন।