হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে আরো ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এর আগে গত ২০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ যাবে ভারতে। ইতিমধ্যে বুধবার থেকে ইলিশ যেতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। প্রথম দিন সন্ধ্যায় বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ টন ইলিশ প্রবেশ করে ভারতে। গতকাল আরো ১১ ট্রাক ইলিশ ভারতে প্রবেশ করে।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ভারতে এই ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানি করবে ৬৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রত্যেক প্রতিষ্ঠান ৪০ টন করে এই ইলিশ রপ্তানি করবে। কোনো প্রতিষ্ঠান অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করতে পারবে না। এর আগের ২ হাজার ৮০ টন ইলিশ ৫০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে রপ্তানির অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়ে নতুন করে ৬৩ প্রতিষ্ঠানকে ৪০ টন করে ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার কথা জানায়। এক টনে ১ হাজার কেজি। সেই হিসাবে ইলিশ যাবে মোট ২৫ লাখ ২০ হাজার কেজি। প্রতি কেজি ৯০০ টাকা ধরে হিসাব করলে মোট ২২৬ কোটি ৮০ লাখ টাকার ইলিশ যাবে ভারতে। তবে ইলিশ রপ্তানির ক্ষেত্রে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। বলা হয়েছে, বিদ্যমান রপ্তানি নীতি ২০১৮-২১-এর বিধিবিধান মানতে হবে। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে কায়িক পরীক্ষা করাতে হবে রপ্তানি করা ইলিশের। প্রতিটি চালান (কনসাইনমেন্ট) শেষে রপ্তানিসংক্রান্ত কাগজপত্র দাখিল করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। এদিকে ইলিশের প্রজননের জন্য আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মত্স্য অধিদপ্তর।
