করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে সারা দেশে ২৪ জনের মৃত্যু হয়েছে, যা গত ১১৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৭ মে করোনায় ২২ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৪ জন। এর আগে গত ২২ মে ১ হাজার ২৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। সেই হিসাবে করোনায় দৈনিক শনাক্তও গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল তৃতীয় দিনের মতো করোনায় দৈনিক রোগী শনাক্তের হার রয়েছে পাঁচের নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ।
দেশে সরকারি হিসাবে গতকাল পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৩৩৭ জন। নতুন শনাক্ত ১ হাজার ১৪৪ জনকে নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন। দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৮৬৮টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮২০টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৪৬ হাজার ৭০৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৫ হাজার ২৬৩টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে পুরুষ ১০ জন আর নারী ১৪ জন।
