রাজধানীর গুলশান লেকে নৌকা ডুবিতে নিখোঁজের ১৩ ঘন্টা পর সেলিনা আক্তার (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী নৌকাটি গুলশান লেকে ডুবে যায়। ওই নৌকার যাত্রী ছিলেন সেলিনা। ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালিয়ে তার সন্ধান পাননি। রাত ১০টার দিকে পানিতে লাশ ভেসে ওঠে। সেলিনা বনানীর একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ছিলেন। সকালে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে কড়াইল বস্তির পুর্ব পাশের ঘাট থেকে ১৪জন যাত্রী নিয়ে একটি নৌকা গুলশান-১ ও ২ এর মাঝামাঝি ৩৩ নম্বর রোডের ঘাটে যাচ্ছিল। লেকের মাঝামাঝি অংশে গেলে যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। ১৩ জন সাঁতরে কিনারায় চলে আসলেও সেলিনা আক্তার নিখোঁজ হন।
বনানী থানা পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে সেলিনার লাশ লেকের পানিতে ভেসে ওঠে। এরপরই স্বজনরা সেখান থেকে তুলে আনে। তার বাবা মো. বাবুল কড়াইল বস্তির বাসিন্দা।
