কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘ধর্ষণ ও হত্যার’ অভিযোগে দায়েরকৃত মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চের কার্যতালিকার ১৪২৪ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল মামলাটি। আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মুনিয়ার বোন নুসরাত জাহান গত ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আনভীরসহ আট জনের বিরুদ্ধে এ মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরুজা পারভীন। এর আগে আনভীরের বিরুদ্ধে মুনিয়াকে ‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলা করেন নুসরাত। ঐ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
