ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৯ সেপ্টেম্বর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৬

আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে একাংশের প্রার্থী ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের বাসভবনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই অংশের প্রার্থী ঘোষণা করা হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথাকে সভাপতি এবং কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য প্রয়াত ভূমিমন্ত্রী পুত্র সাকিবুর রহমান শরীফ কনককে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টুও প্রার্থী বলে জানানো হয়।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত ভূমিমন্ত্রীর সহধর্মিণী মিসেস কামরুন্নাহার শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু, কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ, প্রকৌশলী কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক পুনো প্রমুখ।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআর