খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতার মৃত্যুতে শোকে স্তব্ধ গোপালগঞ্জ। রবিবার রাতে খুলনার রূপসা সেতু এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই ৫ নেতা নিহত হন।
নিহত পাঁচজন হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি এস.এম সাদিকুল আলম সাদিক, শহরের থানা পাড়ার গাজী মিজানুর রহমান হিটুর ছেলে ও জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিয়ষক সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, শহরের কুয়াডাঙ্গা এলাকার রসুলপাড়ার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাঁদমারীর ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিকুল গাড়ি চালাচ্ছিলেন। সাদিক বাদে বাকী সবাই গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।
আরো পড়ুন : ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় মামলা
লবণচরা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ৫ নেতা প্রাইভেটকারে করে খুলনা থেকে গোপালগঞ্জে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা ছাত্র ও যুবলীগের ৫ নেতাই প্রাণ হারান। নিহত পাঁচ জনের মরদেহ আজ সোমবার সকালে গোপালগঞ্জ শহরের বাড়িতে এসে পৌঁছিয়েছে। বাদ জোহর গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাদের দাফনের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি
