সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ দুই যুবলীগ কর্মীর পলায়ন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালি গ্রামে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপ পরিহিত মাদকসেবী দুই যুবলীগ কর্মী পালিয়ে গেছে। এ ঘটনায় রক্তাক্ত জখম হয়েছেন শ্যামনগর থানার এএসআই আব্দুল হাই। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, জয়াখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে সামাজিক যাত্রাপালা আয়োজন করা হয়। ওই যাত্রাপালা চলাকালে সেখানে গাজা সেবন করছিল তারানীপুর গ্রামের সোহাগ ও আব্দুল্লাহ। এসময় পুলিশের এএসআই আব্দুল হাই, এএসআই মিজান ও কনস্টেবল শাহজালাল তাদের আটক করে। পরে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সেখানে গিয়ে তারা যুবলীগের ছেলে বলে দাবী করে তাদের ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে সোহাগ ও আব্দুল্লাহর অন্যান্য সতীর্থরা সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় পালিয়ে যায় সোহাগ ও আব্দুল্লাহ। উক্ত হামলায় মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এএসআই আব্দুল হাই। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরো পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনই যুবলীগ-ছাত্রলীগ নেতা

শ্যামনগর থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহজনক দুই জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, পলাতক অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/মোস্তাফিজ