জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, নিহত ১

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০৩:৪৫

জ্বালানি তেলের মূ্ল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে সড়ক অবরোধ চলাকালে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সড়ক অবরোধ চলাকালে ওই বিক্ষোভকারী একটি গাড়ির ধাক্কায় নিহত হন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ কাস্তানেখ।

সমপ্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জ্বালানি কর বৃদ্ধি করেছেন। এই নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা তৃণমূল পর্যায়ে জ্বালানির বাড়তি মূল্য বিরোধী আন্দোলন ‘ইয়োলো ভেস্ট’ শুরু করেছেন। ইয়োলে ভেস্টের বিক্ষোভকারীরা সড়ক পথগুলো অবরোধ করার চেষ্টা করে এবং জ্বালানি ডিপোগুলোতে প্রবেশে বাধা দেয়।

আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কার্যত মহাসড়ক অচল করে দিয়েছেন। এর মধ্যে গাড়িচাপায় এক আন্দোলনকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, গত ১২ মাসে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত দশকের প্রথম দিককার পর এখনই দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি।

বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার সেখানে ‘পরিস্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। গতকাল ফ্রান্সের প্রায় ২০০০ স্থানে হলুদ জ্যাকেট পরিহিত প্রায় এক লাখ ২০ হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, ম্যাক্রোঁ গরীব মানুষকে বর্জন করছেন।

ইত্তেফাক/আরকেজি