পঞ্চম শ্রেণির পড়াশোনা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

বিজ্ঞান

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নোত্তরগুলো মনোযোগ দিয়ে দেখো কাঠামোবদ্ধ  ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবে।

প্রশ্ন-১:জনসম্পদ কাকে বলে? জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখ।

অথবা, জনসম্পদ কাকে বলে? জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায়?

উত্তর:জনসম্পদ: জনসম্পদ হলো কোনো দেশের দক্ষ শ্রমশক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসম্পদ।

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের উপায়:বিভিন্নভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায়। নিম্নে এই উপায়গুলো আলোচনা করা হলো:

১. শিক্ষা প্রদান:মানবসম্পদ উন্নয়নের প্রধান উপাদান হলো শিক্ষা। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা যায়।

২. কারিগরি প্রশিক্ষণ প্রদান:আধুনিক প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অদক্ষ জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করা সম্ভব।

৩. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন:জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে       বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি:কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমের দক্ষতা বৃদ্ধি এই দুইটি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দিলে বাংলাদেশে জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে।

৫. জীবনযাত্রার মান বৃদ্ধি: মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ ও পুষ্টির ব্যবস্থা, পরিবেশ সম্মত আবাসন ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায়।  ব্যক্তিগত, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য অপরিহার্য।

প্রশ্ন-২: জনসংখ্যার ঘনত্ব কী? বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন? অতিরিক্ত জনসংখ্যার পাঁচটি ফলাফল লিখ।

উত্তর:জনসংখ্যার ঘনত্ব:একটি দেশের প্রতি বর্গকিলোমিটারে গড়ে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। দেশের মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা হয়।

বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশির কারণ:বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি বলে জনসংখ্যার ঘনত্ব বেশি।

অতিরিক্ত জনসংখ্যার ফলাফল:অতিরিক্ত জনসংখ্যার পাঁচটি ফলাফল নিম্নরূপ:

১. জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়।

২. অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কৃষি জমির পরিমাণ দিন দিন হ্রাস পাওয়ায় খাদ্য উত্পাদন কমে যাচ্ছে। উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

৩. খাদ্য সামগ্রির দাম দ্রুত বৃদ্ধি পায়, ফলে অনেক দরিদ্র লোক অনাহারে থাকে।

৪. অতিরিক্ত জনসংখ্যার প্রয়োজন অনুসারে শ্রেণিকক্ষ, শিক্ষক, অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় না।

৫. অতিরিক্ত জনসংখ্যার জন্য অনেক শিশু বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশ দূষণ বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।