সাত লাখ টাকার সরকারি গাছ কেটে ফেললো ওরা ১১ জন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৭

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নে প্রায় ৭ লাখ টাকার সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে স্থানীয় মেম্বারসহ ১১ জনের নামে মামলা দায়ের করেছে স্থানীয় ভূমি অফিস।
  
থানা ও স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার কাজীরবেড় ঈদগাঁ থেকে মাথলার সুইজ গেট পর্যন্ত তিন একর চার শতক জমির উপর বিভিন্ন ধরনের বনজ ও ভেষজ গাছ ছিল। গাছ গুলোর মধ্যে মেহগনি, শিশু, ইপিল ইপিল, নিম উল্লেখযোগ্য। স্থানীয় মেম্বার মফিজুর রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গত ৫/৬ দিন ধরে প্রায় ৭ লক্ষ টাকার গাছ কেটে ফেলেছে। কাটা গাছ গুলো একটি ইট ভাটায় আমিনুর নামের এক ব্যক্তির মাধ্যমে বিক্রি করা হয়েছে। 

অবৈধভাবে গাছ কাটার বিষয়টি গ্রামবাসীর মাধ্যমে স্থানীয় ভূমি অফিস জানতে পারে গত রবিবার। পরে কাজীরবেড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বাদী হয়ে স্থানীয় মেম্বার মফিজুর রহমান, এনামুল, ফরজ আলী, শরিফুদ্দিন, আমিনুরসহ ১১ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি মামলা (মামলা নং ৮) দায়ের করেন। 

স্থানীয় ভূমি কর্মকর্তা আকরামুজ্জামান জানান, খবর পেয়ে সরেজমিনে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবিবার বিকেলে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আরো পড়ুন: টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু

কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, বিষয়টি তিনি জেনেছেন। সরকারি সম্পদ রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই আলিমুজ্জামান জানান, আসামিদের ধরার চেষ্টা চলছে।

ইত্তেফাক/অনি