ক্যানেরি দ্বীপপুঞ্জে আবারও অগ্ন্যুত্পাত, সব ফ্লাইট বন্ধ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৭

আলজাজিরা

স্পেনের ক্যানেরি দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিতে নতুন আরেকটি গর্ত থেকে অগ্ন্যুত্পাত শুরু হওয়ায় লা পালমা দ্বীপের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। শুক্রবার বিভিন্ন রুটে সাতটি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। কিন্তু আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তা বাতিল করা হয়েছে।

স্প্যানিশ ক্যারিয়ার বিন্টার এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘আমরা কখন ফের ফ্লাইট চালু করতে পারব তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কেননা পরিস্থিতি মোটেই অনুকূলে নয়। এই অবস্থায় আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।’ লা পালমা দ্বীপের পুরো এলাকা এখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সামনের দিনগুলোতে কী হতে যাচ্ছে তা কেউ বলতে পারছে না। কালো ছাইয়ে আকাশ অন্ধকার হয়ে গেছে তাই এখানকার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি জানান, যখন দ্বিতীয় গর্তটি থেকে নতুনভাবে অগ্ন্যুত্পাত শুরু হলো তখন বোমা ফাটার মতো শব্দ হতে থাকে। মানুষ দরজা-জানালা বন্ধ করে ঘরে অবস্থান করছে। কর্তৃপক্ষ স্থানটি থেকে নতুনভাবে উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে ৬ হাজারের বেশি মানুষকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে রবিবার স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে ক্যানেরি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে কুম্ব্রে ভিজা জাতীয় উদ্যানের কাছে একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।