ইয়েমেনে চার দিনে সংঘর্ষে হুতি বিদ্রোহীসহ নিহত ১৪০

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শাবাহ প্রদেশ ও মারিব শহরে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরান সমর্থিত ৯৩ জন হুতি বিদ্রোহী রয়েছে। গত চার দিনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। কৌশলগতভাবে শহরটি দুপক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ। খবর আরব নিউজের

কয়েকটি সামরিক সূত্র জানিয়েছে, এ ঘটনায় সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা নিহত হয়েছেন। এতে ইরান সমর্থিত ৯৩ জন হুতি বিদ্রোহীও নিহত হয়। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানানো হয়। হুতি বিদ্রোহীরা কখনোই হতাহতের খবর প্রকাশ করে না। এবারও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারি থেকে মারিব শহর দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং শাবাহ প্রদেশের তিন জেলা এবং মারিবের এক জেলা দখলে নিয়েছে। ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেওয়ার পরই ইয়েমেনে সংঘাত শুরু হয়। এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সে সময় রাজধানী সানা আক্রমণ করে আবদ-রাব্বু মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে হস্তক্ষেপ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোট। এরপর থেকে এই দুই পক্ষের মধ্যে লড়াই চলে আসছে। এই লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।