ওটিটিতে গল্প আর মেধাবী শিল্পীরাই রাজত্ব করবে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩

 বিনোদন প্রতিবেদক

 

ওটিটি প্লাটফর্মের কল্যাণে দেশের গণ্ডি পেরিয়ে অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা নিজেদের নিয়মিতই সফলতার ছাপ রাখছেন বিশ্ব সাংস্কৃতিক অঙ্গনে। প্রতিনিয়ত দেশের শিল্পী কলাকুশলীদের টালিউড, বলিউড, হলিউডে কাজের খবর পাওয়া যাচ্ছে। বলা চলে, শিল্পী-নির্মাতাদের পালাবদলের সময় চলছে। যদিও এ নিয়ে ক’দিন আগেই কলকাতার অভিনেত্রীরা চাপা ক্ষোভ প্রকাশ করেছেন। ওপার বাংলায় বাংলাদেশি অভিনেত্রীদের কাজের সুযোগ বেশি তৈরি হওয়ায় নিজেদের ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন তারা। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই আবারো ওপার বাংলার ওটিটি প্লাটফর্ম হইচইয়ে পাঁচ বাংলাদেশি নির্মাতার ওয়েব সিরিজ নির্মাণের সুযোগ আলোচনায় নতুন রসদ জোগালো। প্লাটফর্মটির ৫ বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ চমক হিসেবে তারা একসঙ্গে ২০ টি আসন্ন অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা নির্মাণের ঘোষণা দিয়েছে। যার ৫টি নির্মাণ করবেন বাংলাদেশি নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ, অমিতাভ রেজা চৌধুরী, তানিম নূর ও শঙ্খ দাশগুপ্ত। যদিও এরইমধ্যে ঢাকাই শিল্পী-নির্মাতাদের নিয়ে কাজ করেছে এই ওটিটি প্লাটফর্মটি। কাজগুলো দর্শকমহলেও দারুণ প্রশংসিত হয়েছে।

দেশের নির্মাতাদের ওপার বাংলার প্লাটফর্মে কাজের সুযোগ দু-দেশের নির্মাদের মাঝে কাজের প্রতিযোগিতা তৈরি করবে কি-না? এমন প্রশ্নে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী বলেন, ‘দেখুন, আমি কিন্তু এর আগেও এই প্লাটফর্মটিতে কাজ করেছি। আমরা সুযোগ বেশি পাচ্ছি বিষয়টি তেমনও না। তাছাড়া এখন ঘরের কাজ আর বাইরের কাজের মাঝে কোনো পার্থক্য নেই। কারণ ওটিটি মাধ্যমটির কোনো বর্ডার নেই। আপনি যেখান থেকেই নির্মাণ করেন সারাবিশ্ব থেকে সেটা দেখার সুযোগ রয়েছে। এখানে তো শুধু আমরা না, অনেক প্রখ্যাত নির্মাতাও কাজ করবেন।’ নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘আমি তো ওপার বাংলার কাজ করছি না। হইচই বাংলাদেশের কাজ করছি। তাছাড়া এখানে প্রতিযোগিতারও কিছু নেই। বরং ওটিটির কারণে দেশের শিল্পী-নির্মাতাদের বাইরের কাজের পথ আরো মসৃণ হচ্ছে বলে আমি মনে করি। ওটিটিতে গল্প ও মেধার প্রয়োগ ঘটানোর সুযোগ তৈরি হয়েছে।’ এদিকে এরইমধ্যে নির্মাতারা তাদের আসন্ন ওয়েব সিরিজ নিয়ে কাজ শুরু করেছেন। গল্প-ভাবনা থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখার কাজ চলছে বলে জানান তারা। এ নিয়ে অমিতাভ রেজা বলেন, ‘এখনো কাজ সেভাবে শুরু করিনি। তবে কাজটি হচ্ছে, এটা ঠিক। বর্তমানে বোধ শিরোনামের এই ওয়েব সিরিজটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে।’ সৈয়দ আহমেদ শাওকী তার ওয়েব সিরিজটি নিয়ে বলেন, ‘আমার কারাগার সিরিজটি কবে মুক্তি পাবে বা কারা অভিনয় করবেন এ ব্যাপারে এখনো কোনোকিছু চূড়ান্ত হয়নি। তবে আগামী ১ বছরের মাঝে কাজটি রিলিজ হবে। কারাগারের গল্পটা একটা রহস্যময় সেল নিয়ে নির্মিতব্য এই সিরিজটির স্ক্র্বি লেখার কাজ চলছে।’ অন্যদিকে নির্মাতা আশফাক নিপুণ নির্মাণ করবেন সাবরিনা নামের এক রহস্যময় চরিত্র নিয়ে ‘সাবরিনা’ নামের একটি সিরিজ। এছাড়া বিজ্ঞাপন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত প্রথমবারের মতো নির্মাণ করছেন ওয়েব কন্টেন্ট ‘বলি’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ‘কাইজার’ ওয়েব সিরিজটিতে তানিম নূর তুলে ধরবেন একজন ভিডিও গেমে আসক্ত ডিটেকটিভকে।