নেত্রকোনায় পাটের ভালো ফলন বিক্রি নিয়ে বিপাকে কৃষক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

নেত্রকোনা প্রতিনিধি   

এবার আবহাওয়া অনুকূলে থাকায় নেত্রকোনা জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা। কিন্তু নেত্রকোনা জেলায় সরকারি পাট ক্রয়কেন্দ্র না থাকায় একশ্রেণির অসাধু পাট ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃষকদের কাছ থেকে কম দামে পাট কিনছে বলে কৃষকরা অভিযোগ করেছেন।

পাটবিক্রেতা মমিন বলেন, বাজারে মাঝে মধ্যে সিন্ডিকেট তৈরি করে পাটের দাম কমিয়ে দেয়। তারা প্রথমেই পাট কিনতে চায় না। এক সময় পাটবিক্রেতা ক্লান্ত হলে কম দামে পাট বিক্রি করে বাড়ি চলে যান। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষক। পাটের বাজারে কতিপয় ব্যবসায়ী সিন্ডিকেট করে পাট কম দামে বিক্রি করাতে কৃষকদের বাধ্য করছে। 

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এফ এম মোবারক আলী বলেন, নেত্রকোনা জেলায় এবার পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৮৭৩ হেক্টর জমি। আর আবাদ হয়েছে ৪ হাজার ৯১০ হেক্টর। তার মধ্যে ৮৭৮ হেক্টর জমিতে দেশি জাতের, তোষা ৩৫৫, কেনাফ ৩ হাজার ১৪৭ আর মেস্তা চাষ হয়েছে ৫৩০ হেক্টর জমিতে। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকায়।  তিনি আরো বলেন, এবার পাটের উত্পাদন ভালো হয়েছে। কৃষকরা উত্পাদিত পাটের দামও ভালো পাচ্ছেন। তবে সরকারিভাবে পাট ক্রয়কেন্দ্র খোলার ব্যবস্থা নিলে কৃষকরা আরো বেশি দাম পেতে পারেন।

নেত্রকোনা জেলা চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, নেত্রকোনা জেলা শহরে ১৫-২০ বছর আগেও পাট ক্রয়ের জন্য সরকারি গুদাম ছিল। কিন্তু এখন সেই ক্রয়কেন্দ্র নেই। ফলে পাট ক্রেতারা তাদের মর্জি অনুযায়ী পাট বিক্রয় করাতে কৃষকদের বাধ্য করে থাকে। এতে করে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য সরকারিভাবে আবার পাট ক্রয়কেন্দ্র স্থাপন করা উচিত বলেও তিনি মনে করেন।