নীলফামারী জেলায় নৌকা পেলেন যারা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৭

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৭ জনকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ ধারাবাহিকতায় নীলফামারী জেলার ৬টি উপজেলার ছয়জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, জেলা সদরের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, ডিমলা উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জলঢাকা উপজেলায় আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু, কিশোরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবলু, সৈয়দপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকলীগের নেতা মোখছেদুল মমিন।

এদিকে গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীকে চূড়ান্ত করা হয়।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, একাধিক মনোনয়ন প্রত্যাশীদের তথ্য পাঠানো হয় কেন্দ্রে। সেখান থেকে চূড়ান্ত একজনকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন দলীয় সভানেত্রী। এদিকে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও নারীদের পদ উন্মুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ চন্দনাইশে পরীক্ষাকেন্দ্রে আধাঘণ্টা দেরিতে প্রশ্ন বিতরণ

উল্লেখ্য, প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ মার্চ।

ইত্তেফাক/নূহু