পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বাসররাতে মো. বাবুল হোসেন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মো. সফিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের শালবাড়ি দিনবাড়ী গ্রামের সবারউদ্দিনের মেয়ে সাবিনা বেগমের সঙ্গে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া গ্রামের মো. সফিজুল ইসলামের ছেলে বাবুলের সঙ্গে বিয়ে হয়। শনিবার সকালে ছিল বউভাতের আয়োজন। কিন্তু রাতেই বাড়ির রান্নাঘরের বাঁশের সর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান, প্রাথমিকভাবে লাশের সুরতহাল ও বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত ছেলে বা মেয়ে পক্ষের কেউ কোনো অভিযোগ দাখিল করেননি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
