নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
করোনাকালীন নাগেশ্বরীতে মাধ্যমিক স্তরের ৫৭৭ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। বিষয়টি চিন্তায় ফেলেছে সচেতন মহলকে। ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান, দীর্ঘ দেড় বছরের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সময়ে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির তিন জন, অষ্টম শ্রেণির দুই জন ও নবম শ্রেণির চার জন ছাত্রীর বিবাহ হয়ে গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ঐ বিদ্যালয়ের মতো একই অবস্থা উপজেলার ৫৯ মাধ্যমিক বিদ্যালয় ও ৩৮ মাদ্রাসায়। করোনার স্কুল বন্ধ থাকার সুযোগে মাধ্যমিক স্তরের ৫৭৭ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে তথ্য নিচ্ছি। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। স্কুলে স্কুলে গিয়ে আমরা শিক্ষকদের সঙ্গে বলছি, যাতে তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে পরবর্তী করণীয় কি জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা ইয়াসমিন কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম জানান, আমরা তথ্য সংগ্রহ করছি। অধিকাংশ বাল্যবিবাহ আমাদের অঞ্চলের বাইরে সম্পন্ন হওয়ায় যথাযথ তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে না। তথ্য-প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
