পাবনা প্রতিনিধি
গবাদি পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু পালন ও দুধ উত্পাদনে খরচ বেড়েছে পাবনার খামারিদের। তারা যাবতীয় খরচ মিটিয়ে আয় করতে হিমশিম খাচ্ছেন। তারা জানান, বর্তমানে এক বস্তা ভালো মানের গমের ভুসি বিক্রি হচ্ছে ১২০০-১২৫০ টাকায়। কয়েক মাস আগে ছিল ৯৫০-১০০০ টাকা। একইভাবে মাষকলাইয়ের ভুসির বস্তা বিক্রি হচ্ছে ১৪০০-১৪৫০ টাকায়। দুই মাস আগেও এর দাম ছিল ১১০০-১২০০ টাকা। এক বস্তা খইল বিক্রি হচ্ছে ৩০০০-৩২০০ টাকায়; যা কয়েক মাস আগে ছিল ২৫০০-২৬০০ টাকা। দাম বেড়েছে শুকনো খড়ের। বর্তমানে এক মণ খড় বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকায়।
খামারি রুবেল হোসেন ও মো. ইয়াকুব আলী বলেন, গোখাদ্যের দাম বাড়লেও আশানুরূপ দুধের জন্য অতিরিক্ত টাকা দিয়েই খাবার কিনতে হচ্ছে। খরচ বেড়ে যাওয়ায় দুধ উত্পাদন করে তেমন লাভ হচ্ছে না। পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা প্রাথমিক দুগ্ধ সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন বলেন, উত্পাদন খরচ বেড়ে যাওয়ায় এবং মিল্ক ভিটা থেকে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় খামারিরা ব্যক্তি পর্যায়ে দুধ বিক্রি করার দিকে ঝুঁকছেন।
এ বিষয়ে পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন বলেন, বন্যার সময় গোখাদ্যের সংকট দেখা দেয়। ফলে এ সময় গোখাদ্যের দাম কিছুটা বাড়ে। আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
