বল ধরে খেলতে না পারার বদনাম ঘুচাতে চায়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

বাফুফে কর্তাদের কড়া নজরে অস্কার ব্রুজন

 স্পোর্টস রিপোর্টার

সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে এবার বাফুফের কর্মকর্তারাও একটু বেশি সিরিয়াস। অনুশীলনের দ্বিতীয় দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং একাধিক সদস্য। গতকাল অনুশীলনের তৃতীয় দিনও বাফুফে সভাপতি অনুশীলন মাঠে ছুটলেন। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও ছুটলেন সেখানে। একই সঙ্গে বসলেন পাশাপাশি বসে খেলা দেখলেন।

অনুশীলন হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দুপুরের ঢাকার আকাশ মেঘলা হয়ে যায়। শুরু হয় বৃষ্টি। নতুন দায়িত্ব পাওয়া স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন গাড়ি ঘুরিয়ে চলে গেলেন কমলাপুর স্টেডিয়ামে। টার্ফের মাঠে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদা মাঠে অনুশীলন করা একদিকে যেমন ঝুঁকি অন্যদিকে মাঠ নষ্ট হলে পরের দিন অনুশীলন করা যাবে না।

কমলাপুর স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বলছে। সেখানে সন্ধ্যা গড়িয়ে যায় অনুশীলন। অস্কার ব্রুজন কেমন অনুশীলন করাচ্ছেন তা দেখছিলেন সালাহউদ্দিন ও নাবিল। আর নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। পরে অবশ্য নাবিল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অস্কারের কাছ হতে যা চাইছেন সেটা মিলছে কি না। সন্তুষ্টির কথাই ঝরল নাবিলের কণ্ঠে।

বদনাম আছে বাংলার ফুটবলাররা বল ধরে খেলতে পারে না। বল ধরে খেলতে না পারার সেই বদনাম ঘুচাতে চায় এবার। পরিবর্তন আনতে চাইছেন কোচ ব্রুজন। বল পেলেই ছেড়ে দেওয়ার নেতিবাচক মনোভাব ফুটবলারদের মধ্যে রয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বল পায়ে আসলে সেটি ধরে দেখ, কোথায় কে আছে। সময় নাও। আত্মবিশ্বাস বাড়াও। খেলাটাকে বিল্ডআপ করতে হবে। কোচ ব্রুজন যেন চিত্কার করে সে কথাই বলছিলেন। ফাঁকা স্টেডিয়াম। আওয়াজও চারদিকে ছড়িয়ে পড়ছিল। মাঠে কোচের সরব কণ্ঠ আর মাঠের বাইরে ফেডারেশন কর্তাদের কড়া নজর। খেলোয়াড়রা যেন ভুল করতে রাজি না। ২৭ জন ফুটবলার অনুশীলনে। এখান থেকে ২৩ জন মালদ্বীপে খেলতে যাবেন।

সাফের জন্য এই ২৩ ফুটবলার বেছে নেওয়ার কাজটাই সারছেন বসুন্ধরা কিংসের কাছ থেকে লোনে পাওয়া কোচ অস্কার ব্রুজন। এখন দুই দিন হাতে আছে। এই সময় দল চূড়ান্ত করতে হবে। এলিটা কিংসলে দলে থাকবেন কি না সেটা এখনো নিশ্চিত হয়নি। কাগজপত্র আসেনি এএফসি হতে। নাবিল বলছিলেন, ‘সোমবার এসে যেতে পারে।’ আর ফুটবল দল মালদ্বীপ যাবে ২৮ সেপ্টেম্বর। ১-১৬ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ হবে।