দুই ম্যানচেস্টারের দুই রকম দিন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

স্পোর্টস ডেস্ক

জার্মানিতে থাকতে টমাস টুখেলের কাছে অপ্রতিরোধ্য ছিলেন পেপ গার্দিওলার। কিন্তু টুখেল চেলসির কোচ হওয়ার পর গত মৌসুমে তিন ম্যাচের একটিতেও জয় পাননি। অবশেষে গতকাল টুখেল জুজু কাটালেন ম্যানচেস্টার সিটি কোচ। গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে চেলসিকে ১-০ গোলে হারায় তার শিষ্যরা।

এক ম্যানচেস্টারের আনন্দের দিনে ঠিক উলটো হাওয়া বইছে অন্য ম্যানচেস্টার শিবিরে। শেষ মুহূর্তের গোলে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে  ম্যানচেস্টার ইউনাইটেড। দুই রকম দিন গেলেও প্রিমিয়ার লিগে পয়েন্ট তাদের সমানই (১৩)। তবে ছয় ম্যাচ শেষে গোলগড়ের কারণে দুইয়ে আছে সিটি, চারে ইউনাইটেড ও তিনে চেলসি।

স্টামফোর্ড ব্রিজে সিটিকে কোনোমতে আটকে রাখার লক্ষ্য নিয়েই যেন নেমেছিল টুখেলের দল। প্রথমার্ধে সফলও হয় তারা, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ভেঙে পড়ে স্বাগতিকদের রক্ষণ দেওয়াল। ৫৩ মিনিটে ডি বক্সে সৃষ্টি হওয়া জটলা থেকে চতুরতার সঙ্গে জাল খুঁজে নেন জেসুস। এরপর ব্যবধান বাড়ানোর বেশ কয়টি সুযোগ পেয়েছিল সিটি। গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।

ওল্ড ট্রাফোর্ডে ১২ বছর পর অ্যাস্টন ভিলার কাছে হারল ইউনাইটেড। বল পজিশনে এগিয়ে থাকলেও কাজের কাজ করতে পারেনি স্বাগতিকরা। অপরদিকে ভিলার হয়ে ৮৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি করেন কোর্টনি হস। তবে ম্যাচটি ড্র করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ওলে গানার সোলশারের দল। কিন্তু পারেননি ব্রুনো ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টিটি উড়িয়ে মেরে মিস করেন এই মিডফিল্ডার। দলে ক্রিশ্চিয়ানো রোনালদো থাকতেও তাকে শট নিতে না দেওয়ায় হতাশায় মাঠ ছেড়েছে রেড ডেভিল ভক্তরা।

এদিকে তলানির দল আলাভেজের কাছে ১-০ গোলে হেরেছে লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪ মিনিটে  একমাত্র গোলটি  করেন ভিক্টোর লগার্দিয়া। বুন্দেসলিগায় ফুর্থকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। তবে তা ছাপিয়ে আলোচনায় রবার্ট লেভানডস্কির গোলহীন থাকা। বায়ার্নের হয়ে টানা ১৯ ম্যাচ গোল করার পর থামলেন এই স্ট্রাইকার।