মিঠুনের সেঞ্চুরি ম্যাচ ড্র

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮

ওয়ানডেতে খেলবেন

মুশফিক-শামীমরা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

সিরিজটার উদ্দেশ্যই ছিল টেস্ট দলের ক্রিকেটারদের ম্যাচে ফেরানো, খেলার সুযোগ করে দেওয়া। সেদিক থেকে লক্ষ্য পূরণ হয়েছে। ‘এ’ দলের হয়ে গতকাল সেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিঠুন। কম বেশি রান পেয়েছেন শান্ত, মুমিনুল, ইয়াসির আলী।

গতকাল ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ২ উইকেট হারিয়ে ১১৩ রান যোগ করে মুমিনুলের দল। ৬ উইকেটে ৩৭১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। মিঠুন অপরাজিত ১০১ রান করেন। ইয়াসির আলী ৮৬, ইরফান শুক্কুর ৩৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৩৬৬ রানের টার্গেটে খেলতে নামে এইচপি। তারা ৩ উইকেটে ১৪৮ রান তুলতেই ম্যাচ ড্র মেনে নেয় দুই দল। পারভেজ ইমন ৪৩, মাহমুদুল হাসান জয় ২৫, শাহাদাত হোসেন দিপু অপরাজিত ৪৪, তৌহিদ হূদয় অপরাজিত ২৭ রান করেন। এদিকে গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘এ’ দল ও এইচপির সিরিজে একটি ওয়ানডে বাড়ানো হয়েছে। তিনটির পরিবর্তে এখন চারটি ওয়ানডে হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮, ৩০ সেপ্টেম্বর ও ২, ৪ অক্টোবর।  ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজে খেলবেন মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন। তবে আগ্রহ থাকলেও শ্বশুরের অসুস্থতার কারণে সৌম্য সরকার সিরিজে খেলতে পারবেন না।