ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দ বিশেষ আমন্ত্রণে জাতিসংঘে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর যে বিশ্বময় ভূমিকা, বাংলাদেশকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, এমনকি করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখে দেশকে যেভাবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির স্থানে নিয়েছেন, এসব গল্প বিশ্বনেতৃবৃন্দ তার কাছে শুনতে চেয়েছেন। গতকাল মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা শেষে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান বিষয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ড. হাছান বলেন, দেশের উন্নয়নে বিশ্বনেতৃবৃন্দের প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা সমালোচনা করছে। প্রধানমন্ত্রীর বেশির ভাগ সফরসঙ্গীই যে নিজ খরচে গেছেন, সেটা রিজভী আহমেদের জানা উচিত ছিল অথবা তিনি জেনেও না জানার ভান করছেন। এর আগে সম্মেলনে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, যেভাবে তাদের একেক জন বক্তব্য দিচ্ছেন, তাতে বিএনপির সিরিজ বৈঠকের ফলাফল শূন্য বলে মনে হচ্ছে। জনবিচ্ছিন্ন বিএনপি সিরিজ বৈঠক করে কোনো কূলকিনারা পায়নি, কিন্তু তারা ষড়যন্ত্রের মধ্যেই লিপ্ত।
এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মণ্ডল প্রমুখ বক্তৃতা করেন। সকালে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রধান বক্তার বক্তব্য রাখেন।
