সিংগাইরে নয়াপাড়া গ্রামে ঝুঁকিপূর্ণ সেতু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬

চলাচলে দুর্ভোগ

মানবেন্দ্র চক্রবর্ত্তী, সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

উপজেলার ধল্লা ইউনিয়নে নয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডে  মসজিদসংলগ্ন সড়কের ভাঙা সেতু সংস্কারের অভাবে এখন যান চলাচল তো দূরের কথা হেঁটে চলাও দায়। সেতুর রেলিংসহ পাটাতন ভেঙে গর্ত হয়ে গেছে। পূর্ব অংশে পাটাতনের রড বের হয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সেতুর পূর্ব অংশ ও রেলিং ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হয়। তবে একদিক থেকে যানবাহন এলে আরেকটিকে অপেক্ষা করতে হয়। দীর্ঘদিন ধরেই বিপত্জনক সেতুটি সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে এখান দিয়ে মেদুলিয়া, কামুরা, খাসের চর, ভাটির চরসহ ধল্লা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কৃষক তাদের উত্পাদিত সবজি বিক্রির উদ্দেশ্যে জয়মন্টপে বাজারে আসতে হয়।

 সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বাইপাশ সড়ক হিসেবেও  এখান দিয়ে বিভিন্ন যানবাহনও চলাচল করে থাকে। মেদুলিয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট কোহিনুর ইসলাম সানি বলেন, গুরুত্বপূর্ণ এ সেতুটি সংস্কার করা হচ্ছে না। অথচ পাশেই মাত্র তিনটি বাড়ি নিয়ে বিশ্বাস বাড়ির জন্য ১৯-২০ অর্থবছরের  এলজিএসপি প্রকল্পের নয়াপাড়া মুন্নাফের বাড়ি থেকে শের আলীর বাড়ি পর্যন্ত সড়কের আরসিসি ঢালাই করা হয়েছে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকা।

ব্যক্তিগত এই সড়ক হয় সরকারি টাকায়। অথচ  জনসাধারণ চলাচলের এই সেতু সংস্কার কাজ হয় না। তাই তিনি জনদুর্ভোগের কথা চিন্তা করে নিজের টাকায় ব্রিজটি সংস্কার করে আপাততভাবে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন।