ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওরে বর্ষার পানি নামতে শুরু করেছে। সেই সঙ্গে চলছে মাছের প্রজনন মৌসুম। এমন অবস্থায় নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি এবার ভয়ংকর চায়না ম্যাজিক জালের ফাঁদে ধরা পড়ছে মাছ।
সহজেই সব ধরনের মাছ ধরার আশায় খালবিলে, নদনদী জুড়ে জেলেরা ব্যবহার করছে এ ফাঁদ। এ জালের সূক্ষ্ম ফাঁস গলিয়ে অতি ছোট মাছও বের হতে পারে না। ধরা পড়ে ছোট-বড় সব ধরনের মাছ। ফলে অবৈধ এ জালের ব্যবহার বেড়েছে সব খানে। বিশেষ করে প্রজনন মৌসুমে ডিমওয়ালা চিংড়ি, পুঁটি, টেংরা, কই, শিং, মাগুর, তেলাপিয়া, বেলে, বোয়াল, শোল, টাকিসহ প্রাকৃতিক জলাশয়ের সব মাছ এই সর্বশেষ প্রযুক্তির চায়না জালে নিধন হচ্ছে। এতে ক্রমেই মাছশূন্য হয়ে পড়ছে নদনদী, খালবিল।
