সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সফল হবে না --------------- জি এম কাদের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে আমাদের। যে কোনো ত্যাগের বিনিময়ে এই সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করবে তারা কখনোই সফল হতে পারবে না।’ তিনি গতকাল তার বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ হিন্দু পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিয়কালে একথা বলেন।

জি এম কাদের বলেন, এইচ এম এরশাদ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সব ধর্মের অধিকার রক্ষায় তিনি অনন্য ভূমিকা রাখেন। শুভ জন্মাষ্টমীর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন তিনি। বিভিন্ন পূজা-উত্সবে নিরাপত্তা ও আর্থিকসহায়তা দিয়েছেন। এরশাদের হাতে গড়া হিন্দু কল্যাণ ট্রাস্ট এখন শত কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মন্দির নির্মাণ ও সংস্কারে তিনি বরাদ্দ রেখেছেন সব সময়। জাপার প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত, সিলেট শাখার সভাপতি দীপক রায় ও সাধারণ সম্পাদক সাজন কুমার মিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার রায় প্রমুখ মতবিনিময়ে যোগ দেন।